×
Logo

জাতীয়

সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন যেভাবে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৮:২৫ এএম

সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন যেভাবে

প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। দুই ধাপে নতুন এই বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (১৭ আগস্ট) সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে এ তথ্য জানানো হয়।

‘নবম পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর’ শিরোনামের অংশে নতুন বেতন স্কেল বাস্তবায়নের বিষয়টি তুলে ধরা হয়েছে।

সেখানে বলা হয়েছে, দুই ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হতে পারে। প্রথম বছরে বাড়ানো হবে মূল বেতন। দ্বিতীয় বছরে বাড়ি ভাড়াসহ অন্যান্য ভাতা কার্যকর করার প্রস্তাব রয়েছে।

নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। সচিব কমিটির সব সদস্য চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন।

২০২৬-২৭ অর্থবছরে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আর পেনশন ও গ্র্যাচুইটিসহ এ খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা।

অন্যদিকে, গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ে পে-স্কেল পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এবছরের মধ্যেই পে-স্কেল হবে। সবই হবে, কিন্তু এখানে তো অধিকতর আলোচনার বিষয় আছে।

এর আগে, রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য ‘যে কোনো মুহূর্তে’ নতুন পে-স্কেল ঘোষণা করা হবে। 

প্রসঙ্গত, সরকারি চাকরিজীবীদের জন্য সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করে নবম জাতীয় বেতন কমিশন।

/এসআইএন



Logo