ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় ভোরের দিকে ফ্লোরেস অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল। এরই মধ্যে ডজনের বেশি আফটার শক অনুভূত হয়েছে। খবর রয়টার্সের।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্ব নুসা তেংগারা প্রদেশের এন্দে শহর থেকে ৬৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
এদিকে, উদ্ধারকারী দল, বন্দরনগরী মাউমেরের আশপাশে উদ্ধারকারীরা ২০ জনের মরদেহ, ৬ জনকে আহত এবং ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা দুই জনকে শনাক্ত করেছেন।
ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি)। সংস্থাটি বাসিন্দাদের সমুদ্রসৈকত ও নদীর তীর থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।
বিএমকেজির ভূমিকম্প ও সুনামি বিভাগের পরিচালক উইজায়ান্তো বলেন, ভূমিকম্পের মডেলিংয়ের ফল অনুযায়ী পূর্ব নুসা তেংগারা, দক্ষিণ সুলাওয়েসি ও পশ্চিম নুসা তেংগারা প্রদেশে সুনামি আঘাত হানার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য সুনামির ঢেউ ০ দশমিক ৫ মিটার থেকে ৩ মিটার পর্যন্ত উচ্চতার হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
/এসআইএন