×
Logo

জাতীয়

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৯:৪৩ পিএম

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু

ফাইল ছবি

একদিন পর জাতীয় গ্রিডে আবারও সামিট এলএনজি টার্মিনাল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ শুরু হয়েছে। এর ফলে টার্মিনালটি থেকে দৈনিক ১১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) হারে গ্যাস সরবরাহ শুরু করা গেছে।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে এই সরবরাহ শুরু করেছে প্রতিষ্ঠানটি। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামীকাল শনিবার (১৫ আগস্ট) রাত ২টার দিকে ধীরে ধীরে সরবরাহ বাড়িয়ে টার্মিনালের সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ ৫৫০ এমএমসিএফডি পর্যন্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

গ্যাসের সরবরাহ বাড়লে শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদনসহ অন্যান্য গ্রাহকের গ্যাসপ্রাপ্তি উন্নত হবে। এতে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসার পাশাপাশি দেশের জ্বালানি ব্যবস্থার ওপর চাপও কমবে বলে আশা করা হচ্ছে।

সামিট এলএনজি জানিয়েছে, টার্মিনাল ও জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থার কারিগরি সক্ষমতার মধ্যে থেকে নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে কার্যক্রম পরিচালনা এবং সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশের শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের জন্য পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে প্রতিষ্ঠানটি। গ্যাস সংকট কমানো ও দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পেট্রোবাংলা এবং বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাওয়ার কথাও জানিয়েছে সামিট এলএনজি।

এর আগে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল থেকে বৈরী আবহাওয়ায় (সাগর উত্তাল থাকায়) সামিট এলএনজি টার্মিনালে থাকা কার্গো থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

/এসআইএন

Logo