মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লুট করে অর্থনীতিকে শূন্যের পর্যায়ে নিয়ে গিয়েছিল শেখ হাসিনা
স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৪:৫৯ পিএম
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বিএনপি সরকার শূন্য হাতে ক্ষমতায় এসেছেন। একেবারে শূন্য হাতে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশের অর্থনীতিকে লুট করে একেবারে শূন্যের পর্যায়ে নিয়ে গিয়েছিল।
'ড. মুহাম্মদ ইউনূস প্রায় ১৮ মাস ক্ষমতায় থেকে সেটাকে একদমই উত্তরণ করতে পারে নাই। শেষ মাসে তো বেতন কীভাবে দেবে, সেটা নিয়েও চিন্তায় পড়ে গিয়েছিল। এ রকম একটা অবস্থায় আমরা সরকার গঠন করেছি। তা সত্বেও কোটি কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী উনার প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড দিচ্ছেন'— যোগ করেন তিনি।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
আহমেদ আযম খান আরও বলেন, প্রধানমন্ত্রী কৃষক কার্ড দেওয়া শুরু করেছেন, যেটা আমরা নির্বাচনের সময় বলেছিলাম। স্বাস্থ্য কার্ডও দেওয়া শুরু করেছেন। ইতোমধ্যে তিনি ঘোষণা করেছেন, উপজেলার বাইরেও যেসব জায়গায় কমিউনিটি ক্লিনিক আছে, সেগুলোকে সচল করা এবং যেখানে নেই, সেখানেও কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা। যাতে মানুষের অসুখ-বিসুখ হলে দৌড়ে শহরে যেতে না হয় এবং এখানেই ছোটখাটো অসুখের চিকিৎসা করা যায়, আমরা সেই চেষ্টা করেছি।
/এমএন