×
Logo

জাতীয়

যেভাবে প্রকাশ্য ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০২:৪২ পিএম

যেভাবে প্রকাশ্য ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সাল কামালের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ভোটের সবশেষ আপডেট এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা বলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও। 

আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হবে প্রকাশ্যে, গোপন ব্যালটে নয়। প্রতিটি ধাপ নির্দিষ্ট নিয়ম ধরেই হবে। তাই সহজ করে জেনে নেওয়া যাক পুরো প্রক্রিয়াটি।

আইন বলছে, রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটে। প্রতিটি নির্বাচনে প্রত্যেক সংসদ সদস্য পাবেন মাত্র একটি ভোট।

ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সংখ্যক ব্যালট পেপার তৈরি করে নির্বাচন কমিশন। প্রতিটি ব্যালট পেপারে থাকে দুটি অংশ। একটি, কাউন্টার ফয়েল; যেখানে প্রতিটি ভোটারের নাম ও তার নির্দিষ্ট বিভক্তি সংখ্যা ছাপা থাকে। সঙ্গে থাকে ভোটারের স্বাক্ষরের জন্য আলাদা জায়গা।

দ্বিতীয়টি আউটার ফয়েল। এখানে ভোটারের বিভক্তি সংখ্যা এবং রাষ্ট্রপতি পদপ্রার্থীদের নাম আদ্যাক্ষর অনুযায়ী ক্রমানুসারে আলাদা আলাদা সরল রেখার মধ্যে ছাপা থাকে। প্রতিটি প্রার্থীর নামের পাশে থাকে ভোট দেওয়ার নির্দিষ্ট স্থান। যেখানে ভোটার স্বাক্ষর করে ভোট দেন।

একজন সংসদ সদস্য ভোট দিতে হলে প্রথমে তার নির্দিষ্ট ব্যালটের কাউন্টার ফয়েলে নিজের নাম স্বাক্ষর করে ব্যালট পেপার সংগ্রহ করবেন। এরপর আউটার ফয়েলে যে প্রার্থীকে ভোট দিতে চান, তার নামের পাশে নির্দিষ্ট স্থানে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট দেবেন। ভোট দেওয়া শেষে ব্যালট পেপারটি রাখতে হবে সংরক্ষিত ব্যালট বাক্সে।

অর্থাৎ, এখানে গোপন ব্যালটের মতো 'টিক চিহ্ন' বা 'সিল' দেওয়া হয় না। ভোটার তার পছন্দের প্রার্থীর নামের পাশে নিজের নাম স্বাক্ষর করেই ভোট প্রদান করেন। এতেই ভোটটি প্রকাশ্য হয়ে যায়। কারণ কে কাকে ভোট দিলেন তা স্বাক্ষর থেকেই বোঝা যায়।

আইনে বিভক্তি সংখ্যা এবং আউটার ফয়েলের ব্যাখ্যাও দেওয়া আছে। বলা আছে, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী প্রতিটি সংসদ সদস্যকে যে নির্দিষ্ট সংখ্যা বরাদ্দ করা হয়, সেটিই বিভক্তি সংখ্যা। আর ব্যালট পেপারের যে অংশে কাউন্টার ফয়েল বা চেকমুড়ি নেই, বাকি অংশটুকুই আউটার ফয়েল।

/এমএমএইচ


Logo