×
Logo

জাতীয়

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৮:৩৬ পিএম

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

গুমের শিকার হওয়া রাজধানীর সূত্রাপুর থানা ছাত্রদল নেতা খালেদ হাসান সোহেলের ছেলে সাদমান শিহাব চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তার এ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১০ আগস্ট) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে শিহাবের ফলাফলের বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়।

পরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপহারসামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় শিহাবের বাসায় যায়। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিহাবের হাতে ফুল, মিষ্টি ও গল্পের বই উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

একই সঙ্গে, শিহাবের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তাও পৌঁছে দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ নভেম্বর রাজধানীর পুরান ঢাকা এলাকা থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে খালেদ হাসান সোহেলকে তুলে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও আজ পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

/এএম

Logo