বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ বেড়ে ২ বছর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৭:৫৫ পিএম
দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের নতুন লাইসেন্স ও নবায়নের মেয়াদ এক বছর থেকে দুই বছর করেছে সরকার। এর ফলে এখন থেকে এক বছরের বদলে প্রতি দুই বছর অন্তর লাইসেন্স নবায়ন করতে হবে। চলতি ২০২৬-২৭ অর্থবছর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক নূরুল ইসলামের সই করা এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার নির্দেশনা অনুযায়ী নতুন লাইসেন্স ও নবায়নের মেয়াদ এক বছরের স্থলে দুই বছর করা হয়েছে।
নির্দেশনায় আরও কয়েকটি বিষয় তুলে ধরা হয়েছে—
● দুই বছরের লাইসেন্স ফি ও ভ্যাট একসঙ্গে সরকারি কোষাগারে জমা দিয়ে স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার ওয়েবসাইটে আবেদন করতে হবে।
● নতুন লাইসেন্স গ্রহণের ক্ষেত্রে পরিবেশ অধিদফতরের অবস্থানগত ছাড়পত্র বা পরিবেশ ছাড়পত্র অবশ্যই গ্রহণ করতে হবে।
● নারকোটিক দ্রব্য ব্যবহার করতে চাইলে নতুন প্রতিষ্ঠানকে লাইসেন্স পাওয়ার পর নারকোটিক লাইসেন্স গ্রহণ করবে।
● পরিবেশ অধিদফতর বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নিজ নিজ দফতরের হালনাগাদ লাইসেন্স তদারকি করবে।
● অধিদফতরের কর্মকর্তা, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তারা নিয়মিতভাবে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করবেন। পরির্দশনে অনিয়ম বা ব্যত্যয় দেখা গেলে লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে।
/এমএন