×
Logo

জাতীয়

কিছু রাজনৈতিক দল সরকার ফেলে দেয়ার হুমকি দিচ্ছে: ডিএসসিসি প্রশাসক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৫:২৩ পিএম

কিছু রাজনৈতিক দল সরকার ফেলে দেয়ার হুমকি দিচ্ছে: ডিএসসিসি প্রশাসক

ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। ফাইল ছবি

কিছু রাজনৈতিক দল সরকার ফেলে দেয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে কাজ করছেন, ৫ বছর এভাবে কাজ হলে বিরোধী দলের বলার মতো কিছু থাকবে না। তাই তারা সরকারকে কাজ করতে দেয় না, বাধা তৈরি করে।

আবদুস সালাম আরও বলেন, কামরাঙ্গীরচরের পাশ দিয়ে ৬ লেনের রাস্তার কাজ চলছে। এটা সম্পন্ন হলে এই এলাকার চেহারা বদলে যাবে। ২০২৭ সালের জুন মাসের মধ্যে এই কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

এ সময় তিনি নগরবাসীকে বৃক্ষরোপণ এবং বুড়িগঙ্গা নদী পরিষ্কার রাখার আহবান জানান।

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য (এমপি) হামিদুর রহমান বলেন, কামরাঙ্গীরচরকে গ্রিন সিটিতে পরিণত করা হবে। একই সাথে, গ্যাস সংকট মোকাবেলার প্রতিশ্রুতিও দেন তিনি।

/এএম

Logo