সালমান শাহ হত্যা মামলা
আদালতে হাজির করা হয়েছে ডনকে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৪:৫২ পিএম
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি অভিনেতা আশরাফুল হক ডনকে আদালতে হাজির করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কাছে (সিআইডি) হস্তান্তর করা হয় তাকে।
এরপর ডনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়।
সালমান শাহ হত্যা মামলার ৪ নম্বর আসামি আশরাফুল হক ডন। সালমানের মৃত্যুর প্রায় তিন দশক পর গত বছরের ২১ অক্টোবর রমনা থানায় মামলাটি করা হয়। এতে সালমান শাহর স্ত্রী সামিরা হক, আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়।
এর আগে, ২০ অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত।
তদন্ত শুরুর কয়েক দিন পরও সচল ছিল ডন ও সামিরার ব্যবহৃত মোবাইল ফোন। এরপর থেকে তারা পলাতক। পরে আসামিদের দেশত্যাগ ঠেকাতে এবং দ্রুত গ্রেফতার করতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠায় রমনা থানা পুলিশ।
এর ভিত্তিতেই দেশছাড়ার সময় ইমিগ্রেশন থেকে আজ ডনকে গ্রেফতার করা হয়।
/এএম