×
Logo

জাতীয়

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

সালাহউদ্দিন আহমদকে গুম: শেখ হাসিনা-কামাল-জিয়াউলের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৬:৫৪ পিএম

সালাহউদ্দিন আহমদকে গুম: শেখ হাসিনা-কামাল-জিয়াউলের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা

গুমের শিকার সালাহউদ্দিন আহমদ ভারতে উদ্ধার হওয়ার পর শিলংয়ের একটি হাসপাতালে।

২০১৫ সালে বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুম এবং গুমের পর ও উদ্ধারে আগে মাঝের দুইমাস র‍্যাবের টিএফআই সেলে বন্দি রেখে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান, জিয়াউল আহসানসহ ওই সময়ের র‍্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

শেখ হাসিনার নির্দেশনায় বিএনপির এই নেতাকে গুম করা হয়েছিল বলে তদন্তে ওঠে এসেছে। টাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম আজ শনিবার (৮ আগস্ট) এ তথ্য জানিয়েছেন। দ্রুতই তদন্ত শেষে দোষীদের বিচারের মুখোমুখি করা হবে বলেও জানালেন তিনি।

চিফ প্রসিকিউটর জানান, গুমের পর ভারতে পাচারে যারা জড়িত ছিল, তাদের তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছ থেকে মৌখিক জবানবন্দি নিয়েছে তদন্ত কর্মকর্তা, দ্রুতই আনুষ্ঠানিক জবানবন্দি গ্রহণ করা হবে।

এছাড়া, তদন্ত সংস্থার কাছে দেওয়া গুমের শিকার ছাত্রদল নেতা আইনজীবী সোহেলের জবানবন্দিতেও ওঠে এসেছে সালাহউদ্দিন আহমদকে টিএফআই সেলে গুম করে রাখার চাঞ্চল্যকর তথ্য।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে তুলে নেওয়া হয় সালাহউদ্দিন আহমদকে। পরে একই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলং থেকে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। চব্বিশের ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে ফিরে গুমের বিচার চেয়ে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেন সালাহউদ্দিন আহমদ।

/এমএন

Logo