×
Logo

জাতীয়

ক্যাম্পাসে পেশিশক্তির রাজনীতি ফেরতের অভিযোগ ছাত্রদল-ছাত্রশিবির সভাপতির

শামীম রেজা

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০২:৪৬ পিএম

ক্যাম্পাসে পেশিশক্তির রাজনীতি ফেরতের অভিযোগ ছাত্রদল-ছাত্রশিবির সভাপতির

আধিপত্য বিস্তার ও আবাসিক হলের নিয়ন্ত্রণসহ নানা বিষয়কে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও ছাত্রশিবির। গত কয়েকদিনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পাশাপাশি দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার ঘটনাও ঘটেছে। পরে এসব ঘটনার উত্তাপ ছড়িয়ে পড়ে অন্যান্য ক্যাম্পাসেও।

এসব ঘটনায় পরস্পরকে দায়ী করেছে ছাত্রদল ও ছাত্রশিবির। ছাত্রশিবির বলছে, বিনা কারণে তাদের ওপর হামলা হয়েছে। তাদের অভিযোগ, মেধার পরিবর্তে আবারও পেশিশক্তির রাজনীতি ফেরত আনতে চাইছে ছাত্রদল, যা মানবে না সাধারণ শিক্ষার্থীরা।

অন্যদিকে, ছাত্রদলের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসগুলোয় দেশীয় অস্ত্রের মহড়া চালাচ্ছে ছাত্রশিবির। পাশাপাশি হামলা চালাচ্ছে বলেও অভিযোগ তাদের।

ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব বললেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে শক্তির মহড়া ও হামলা চালাচ্ছে ছাত্রশিবির। তারা শুধু ছাত্রদলের ওপর ছাত্রলীগ স্টাইলে নৃশংস হামলাই চালায়নি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কয়েক ঘণ্টাব্যাপী প্রকাশ্যে সশস্ত্র মহড়া দিয়েছে।

 ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

আবার এ বিষয়ে ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, কোনও কারণ ছাড়াই এসব ঘটনা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটানো হয়েছে। পাশাপাশি ছাত্রদল পরিকল্পিতভাবে পেশিশক্তির জানান দিতে তাদের ওপর হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে, ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করতে সরকার ও ছাত্রদলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ছাত্রশিবির। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দলীয়করণের অভিযোগ তুলে সংগঠনটির দাবি, এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হচ্ছে।

অন্যদিকে, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত সব পক্ষকে নিয়ে সমতা ও সহাবস্থানের ভিত্তিতে মানবিক ক্যাম্পাস গড়ার কথা জানিয়েছে ছাত্রদল। তবে কেউ ক্যাম্পাসে অপরাজনীতি বা সশস্ত্র কর্মকাণ্ডের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলেও সতর্ক করেছে সংগঠনটি।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জুলাইয়ের আন্দোলনে থাকা সব শক্তিকে নিয়ে সাম্যভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করতে হবে। মতপার্থক্য থাকলেও সশস্ত্র অবস্থান বা পরস্পরের ওপর হামলার পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়।

ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাইয়ের পর ক্যাম্পাসগুলোতে যে সহাবস্থানের রাজনীতি চলছিল, তা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে দুই সংগঠনের শীর্ষ নেতারাই একমত, ক্যাম্পাসে সংঘর্ষের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ শিক্ষার্থীরা। নষ্ট হয় নিরাপদ শিক্ষার পরিবেশ। তাই সংঘাত নয়, শিক্ষার্থীবান্ধব কর্মসূচির মধ্য দিয়ে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পরিচালনার আহ্বান জানিয়েছেন তারা।

/এনএ/এমএন

Logo