×
Logo

জাতীয়

গণমাধ্যম শক্ত থাকলে গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০২:৩১ পিএম

গণমাধ্যম শক্ত থাকলে গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল

গণমাধ্যম যদি শক্ত থাকে গণতন্ত্র টেকসই হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সাংবাদিকদের নিরপেক্ষভাবে সত্য তুলে ধরতে হবে।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত 'টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘টেকসই গণতন্ত্রের জন্য পাশ্চাত্যের দেশগুলোতে হাজার বছর লেগেছে। কিন্তু আমরা অস্থির। আমরা সবাই চাই চমৎকার একটি গণমাধ্যম থাকবে, আলোচনা-সমালোচনা সবই হবে। তবে টকশোতে আলোচনা শুনলে মনে হয়, সরকার চরম ব্যর্থ, দেশ ধ্বংস হয়ে গেছে। গণমাধ্যম যদি শক্ত থাকে গণতন্ত্র টেকসই হবে।’

তিনি বলেন, 'সরকার তো বর্তমানে চাপ দেয় না; তাহলে নিজেরা কেনো সেন্সরশীপ করেন?' সত্য লিখলে, আয়নাঘরে নেয়া হবে না বলেও জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, 'গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলো ভিন্নমতকে সম্মান করা। নিজের সঙ্গে মতের মিল না থাকলেও অন্যের বক্তব্য প্রকাশের সুযোগ নিশ্চিত করতে হবে। রাজনৈতিক অসহিষ্ণুতা বাড়লে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।'

এসময় আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। করপোরেট ব্যবসার স্বার্থে সাংবাদিকতাকে ব্যবহার না করার আহ্বান জানান তিনি।

সেমিনারে যমুনা টেলিভিশনের হেড অব নিউজ তৌহিদুল ইসলাম বলেন, সাংবাদিক বলে সবকিছু মাফ এমন মনে করার কোন সুযোগ নেই। ভালো সাংবাদিকতা দিয়েই নিজেদের টিকিয়ে রাখতে হবে।

সেমিনারে, সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখতে গুরুত্ব দেন বক্তারা। বলেন, স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠা হলে অনেক সংকট কেটে যাবে।

/এমএইচআর

Logo