×
Logo

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ, ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৯:৫৮ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ, ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যার পর এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

আইন অনুযায়ী, জাতীয় সংসদের ৩০০ সংসদ সদস্য এবং সংরক্ষিত নারী আসনের ৫০ জন্য সদস্যই রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তবে প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, এবার ৩৪৯ জন ভোট দিতে পারবেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে জয়ী বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর শপথ নেওয়ার প্রক্রিয়া আদালতের নির্দেশে স্থগিত ছিল। ঋণখেলাপির দায়ে গত ৩০ জুন তার প্রার্থিতা বাতিল করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তিনি আর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না। যার কারণে আসনটিতে এখন সংসদ সদস্য না থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হয়েছেন ৩৪৯ জন।

এদিকে, দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, ভোট গ্রহণের তারিখ ২০ আগস্ট। একাধিক প্রার্থী থাকলে সেদিন বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশনকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সাধারণত রাষ্ট্রপতি নির্বাচনে সরকারি দলের দেওয়া একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। এক্ষেত্রে ভোট গ্রহণের প্রয়োজন হয় না।

সে হিসেবে যদি একক প্রার্থী থাকে, তাহলে ১৬ আগস্টই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারে।

কারণ, ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট। আর ভোট গ্রহণ ২০ আগস্ট।

/এমএন

Logo