দলীয় ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত তথ্য কমিশন গঠনের আহ্বান তথ্য অধিকার ফোরামের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৬:৪৮ পিএম
তথ্য কমিশন গঠনে দলীয় রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাবের ঊর্ধ্বে থেকে দক্ষতা, অভিজ্ঞতা, নিরপেক্ষতা ও সৎসাহসের ওপর সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছে তথ্য অধিকার ফোরাম।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) এক সংবাদ বিবৃতিতে প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনার নিয়োগ প্রক্রিয়ায় সম্ভাব্য প্রার্থীদের সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
বিবৃতিতে বলা হয়, তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ও দুইজন তথ্য কমিশনার নিয়োগের সুপারিশ করার লক্ষ্যে সম্প্রতি পুনর্গঠিত ৫ সদস্যের বাছাই কমিটির সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব এবং কমিটির সকল সদস্যের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।
তথ্য অধিকার আইন, ২০০৯-এর ধারা ১৪(১) অনুযায়ী গঠিত এই বাছাই কমিটি সম্প্রতি প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনার নিয়োগের লক্ষ্যে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ফোরাম জানায়, এ প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি স্বাধীন ও কার্যকর তথ্য কমিশন গঠনের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের সুযোগ তৈরি হয়েছে।
তথ্য অধিকার ফোরাম মনে করে, তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন মূলত দক্ষ, নিরপেক্ষ ও গণমুখী তথ্য কমিশনের ওপর নির্ভর করবে। সংস্থাটি প্রত্যাশা করছে, নিয়োগের ক্ষেত্রে আইন দ্বারা নির্ধারিত দায়িত্ব পালনে সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি দক্ষতা, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতার সাথে সব ধরণের প্রভাবমুক্ত থেকে কার্যকর ভূমিকা পালনে সক্ষম এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে। এর ফলে জনস্বার্থকে সর্বোচ্চ বিবেচনায় রেখে অবাধ তথ্য প্রবাহ ও জনগণের তথ্য অধিকার নিশ্চিতের পথ সুগম হবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, তথ্য অধিকার আইন নাগরিকের বাক ও চিন্তার স্বাধীনতা প্রতিষ্ঠা, রাষ্ট্র পরিচালনায় নাগরিকের অংশীদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি এবং দুর্নীতি হ্রাসের একটি শক্তিশালী হাতিয়ার। তবে অতীতের অভিজ্ঞতা তুলে ধরে ফোরাম জানায়, দলীয় রাজনৈতিক বিবেচনা ও আমলাতান্ত্রিক প্রভাবে কমিশন নিয়োগের কারণে আইনটি কাঙ্ক্ষিত ফল দিতে ব্যর্থ হয়েছে। বর্তমান বাছাই কমিটি সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এই পরিস্থিতির অবসান ঘটাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করে।
এই বিবৃতিতে সংহতি জানিয়েছেন ফোরামের কোর গ্রুপের সদস্য ড. বদিউল আলম মজুমদার (সুজন), ড. ইফতেখারুজ্জামান (টিআইবি), রেজাউল করিম চৌধুরী (কোস্ট ট্রাস্ট), সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ (বিলস্), এইচএম বজলুর রহমান (বিএনএনআরসি), জাকির হোসেন (নাগরিক উদ্যোগ), ড. অনন্য রায়হান (আইসোশ্যাল), ব্যারিস্টার সারা হোসেন (ব্লাস্ট), রফিকুল ইসলাম খোকন (রূপান্তর), হাসিবুর রহমান (এমআরডিআই), রুহী নাজ (রিইব) এবং হামিদুল ইসলাম হিল্লোল (ব্যুরো অব ইকোনমিক রিসার্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়)।
/এসআর