তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৬:২৮ পিএম
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেফতার হওয়া একমাত্র আসামি সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করেছেন চেম্বার আদালত।
বৃহস্পতিবার (৬ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত জামিন বাতিল করে এই আদেশ দেন।
এর আগে, গত ২ আগস্ট শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি জাকির আহমেদ ও বিচারপতি সাথিকা হোসাইনের বেঞ্চ হাফিজুর রহমানের জামিন মঞ্জুর করেন। পরে ৪ আগস্ট সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
জামিন পাওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সমালোচনা তৈরি হয়। পরে তার জামিন বাতিল চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
সেই প্রেক্ষিতে শুনানি শেষে জামিন বাতিলের পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাফিজুর রহমানকে আদালতে আত্মসমর্পণের নির্দেশনা দেওয়া হয়েছে। যদি তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ না করেন, তাহলে পুলিশকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, দীর্ঘ ১০ বছর পর চলতি বছরের ২২ এপ্রিল রাতে ঢাকার কেরাণীগঞ্জে নিজ বাসভবন থেকে তনু হত্যা মামলায় হাফিজুর রহমানকে গ্রেফতার করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরদিন তাকে কুমিল্লার আদালতে হাজির করা হলে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে তিনি কারাগারে ছিলেন।
/এমএন