ট্রাইব্যুনালকে প্রসিকিউশন
জুলাই হত্যাকাণ্ডের জাতিসংঘের রিপোর্টের প্রত্যক্ষদর্শীদের পরিচয় বাংলাদেশকে দেয়নি জাতিসংঘ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৪:১৬ পিএম
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘের তথ্য-অনুসন্ধানী (ফ্যাক্ট-ফাইন্ডিং) প্রতিবেদনে উল্লেখ করা প্রত্যক্ষদর্শীদের পরিচয় বাংলাদেশকে দেয়নি জাতিসংঘ। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এখনও মৃত্যুদণ্ডের বিধান বহাল থাকায় তাদের তথ্য দেয়া হয়নি বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।
বৃহস্পতিবার (৬ জুলাই) মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মোহাম্মদ আলী আরাফাতসহ ৭ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসেন তামিম এ তথ্য ট্রাইব্যুনাল ২ কে জানান।
ট্রাইব্যুনালে তামিম বলেন, জাতিসংঘের প্রত্যক্ষদর্শীদের তথ্য না পাওয়ায় প্রসিকিউশন নিজেদের প্রত্যক্ষদর্শীদের আদালতে উপস্থাপন করেছে। যুক্তিতর্কে প্রসিকিউটর আরও বলেন, ওএইচসিএইচআর-এর ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ২০২৪ সালের ১৪ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের সশস্ত্র কর্মীরা জ্যেষ্ঠ দলীয় নেতাদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়।
উল্লেখ্য, গত বছর ১২ ফেব্রুয়ারি, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণ-অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। যেখানে ওএইচসিএইচআর জানায়, বিক্ষোভ চলাকালে প্রায় ১,৪০০ জন নিহত হয়।
/এনএ