আইনমন্ত্রী
স্বৈরাচারী শাসনামলে ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৫:৫০ পিএম
বিগত ১৬ বছরের স্বৈরাচারী শাসনামলে বিনা বিচারে সাড়ে চার হাজারের বেশি মানুষকে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সময়ে বিরোধী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।
বুধবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আবৃত্তি উৎসবে এসব কথা বলেন আইনমন্ত্রী।
বিগত সরকারের আমলে গুম হওয়া মানুষদের স্মরণ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের শিকার ৭০০-এর বেশি মানুষের স্বজনেরা এখনও প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। তাদের অনেকে আজও তাহাজ্জুদের নামাজ পড়ে নিখোঁজ স্বজনদের ফিরে পাওয়ার জন্য প্রার্থনা করেন।
এ সময় নিজের মন্ত্রণালয়ের একটি উদ্যোগের কথাও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর জানতে পারেন, বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির জগতে আবৃত্তির কোনো প্রাতিষ্ঠানিক মূল্যায়ন বা স্বীকৃতি নেই।
এ কারণে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয় বলে জানান তিনি। এর মাধ্যমে নাচ ও গানের মতো আবৃত্তিকেও বাংলাদেশের শিল্প-সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ও উন্নত মাধ্যম হিসেবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানান আইনমন্ত্রী।
/এনএ