গণভোটের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৪:২৭ পিএম
গণ-অভ্যুত্থানের পরে ১৮ কোটি মানুষের যে আকাঙ্ক্ষা ছিল দুই বছরের মধ্যে সেই প্রত্যাশা পূরণ হয়নি মন্তব্য করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর মিন্টো রোডের বিরোধী দলীয় নেতার বাসভবনে 'জুলাই এখনো শেষ হয়নি' শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
বিরোধীদলীয় নেতা বলেন, জাতি যে পরিবর্তন চেয়েছে, যুব সমাজ যে পরিবর্তন চেয়েছে, সে পরিবর্তন হয়নি। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সব জায়গায় নির্লজ্জ দলীয়করণ, সন্ত্রাস ও ফ্যাসিবাদ।
ফ্যাসিবাদকে তাড়ানোর মধ্য দিয়ে তারেক রহমান দেশে প্রবেশ করেছেন উল্লেখ করে বিএনপির উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করার আহ্বান জানান তিনি। বলেন, ফ্যাসিবাদ যেদিন নির্মূল হবে, সেদিনই এ দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে।
শিক্ষাঙ্গণে অস্থিরতার কথা উল্লেখ করে জামায়াত আমির অভিযোগ করেন, সব আগের মতই চলছে। ক্যাম্পাসে রামদা, কিরিচ, টোকাই সন্ত্রাস কোনোকিছুরই পরিবর্তন হয়নি।
এছাড়া, জামায়াতে ইসলামী কোনো ষড়যন্ত্রের মাথানত করবে না এবং গণভোটের রায়কে বাস্তবায়ন করতে লড়াই করে যাবে বলেও জানান ডা. শফিকুর রহমান।
/এনএ