মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
বাংলাদেশকে গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৩:১৪ পিএম
জুলাই সনদ বাস্তবায়ন এবং আগামীর বাংলাদেশকে গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাজ্ঞাপন করতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বিএনপিসহ যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দল দীর্ঘ ১৮ বছর মাঠে থেকে আন্দোলন সংগ্রামে জুলাই গণঅভ্যুত্থানকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন এবং ছাত্র-জনতা-পুরো জাতিকে সহযোগিতা করেছেন, আজ তারা যেন দ্বিধাবিভক্ত না হন। তারা যেন সামান্য নিজ স্বার্থে জাতিটাকে আর দ্বিধা-বিভক্ত না করেন।
তিনি আরও বলেন, একটি সমৃদ্ধ গণতান্ত্রিক জাতি গঠনে সবার ভূমিকা এবং অংশগ্রহণ আমরা প্রত্যাশা করি। কেউ যদি মনে করেন যে ওই ফ্যাসিবাদের মতোই আচরণ করে এই দেশটাকে দ্বিধা-বিভক্ত করবেন, জনগণ তা মেনে নেবে না। জনগণ এখন সমৃদ্ধি চায়, গণতন্ত্র চায়, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা কথা বলতে চায়।
প্রধানমন্ত্রী তারেক রহমান এখন যেমন দেশ গড়ার যাত্রা শুরু করেছেন পুরো জাতিকে সাথে নিয়ে, তেমনি তারেক রহমান এই জুলাই গণঅভ্যুত্থানে নিরলসভাবে নেতৃত্ব দিয়েছেন বলেও মন্তব্য করেন মন্ত্রী।
/এসআর