আলিয়া মাদরাসার হলে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ শিবিরের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১২:২৯ পিএম
মঙ্গলবার আলিয়া মাদরাসার সামনে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে।
রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদরাসার আবাসিক হলে প্রবেশ করতে না পারার অভিযোগ করেছেন মাদরাসা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
বুধবার (৫ আগস্ট) সকালে হলে প্রবেশের উদ্দেশ্যে গেলে বকশীবাজার মোড়ে পুলিশ সদস্যরা তাদের আটকে দেন বলে অভিযোগ করেন তারা।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের কাছে শিক্ষার্থীরা বলেন, মাদরাসা কর্তৃপক্ষ ও পুলিশ তাদের হলে প্রবেশের অনুমতি দিচ্ছে না। তাদের দাবি, গতকাল থেকে তারা হলের বাইরে অবস্থান করছেন। আগামীকাল অনেকের পরীক্ষা থাকায় হলে অবস্থান করা জরুরি কিন্তু সেখানে প্রবেশ করতে না পারায় তারা উদ্বেগে রয়েছেন।
অন্যদিকে পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে আলিয়া মাদরাসার সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের সংঘর্ষে জড়িয়ে পড়ে ইসলামী ছাত্রশিবির। দুদলের নেতাকর্মীদের মধ্যে বেশ কিছুক্ষণ ইট-পাটকেল নিক্ষেপ এবং দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া চলে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন।
এর আগে, সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে সংঘর্ষ হয়। এরপর থেকেই আলিয়া মাদরাসায় উত্তেজনা বিরাজ করছিল।
/এএম