×
Logo

জাতীয়

রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামো নিয়ে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৮:১১ পিএম

রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামো নিয়ে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্রের নির্বাহী, আইন ও বিচার বিভাগের ক্ষেত্রে জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশা এখনো পুরোপুরি পূরণ হয়নি। তবে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এসব প্রত্যাশা বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানে শহিদদের রক্তের বিনিময়ে অর্জিত আকাঙ্ক্ষাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে রাষ্ট্র ও সমাজের কাঠামোগত পরিবর্তন নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, ভবিষ্যতে দেশের আর্থসামাজিক ব্যবস্থা যাতে কোনো ধরনের সংকটে না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একটি স্থিতিশীল, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নাগরিকদের সচেতন ও সম্মিলিত অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনা ও উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে যোগ্যতা ও মেধার ভিত্তিতে মানুষের কাজের সুযোগ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া যাবে না। তাদের আত্মদানই আগামীর বাংলাদেশ গঠনের পথরেখা হিসেবে বিবেচনা করে দেশকে এগিয়ে নিতে হবে।

রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে ১৩ বার জাতীয় সংসদ নির্বাচন হলেও সংসদীয় ব্যবস্থা এখনো কাঙ্ক্ষিত শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে— এ কথা দৃঢ়ভাবে বলা যাচ্ছে না। একইভাবে বিচার ব্যবস্থার ক্ষেত্রেও জনগণের প্রত্যাশিত অবস্থানে দেশ এখনো পৌঁছাতে পারেনি।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক মূল্যবোধের আলোকে রাষ্ট্রের নির্বাহী, আইন ও বিচার বিভাগের যে প্রাতিষ্ঠানিক কাঠামো থাকা প্রয়োজন, তা এখনো পুরোপুরি অর্জিত হয়নি। জুলাইয়ের রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরও যদি কাঙ্ক্ষিত পরিবর্তন নিশ্চিত করা না যায়, তাহলে দেশের আর্থসামাজিক ব্যবস্থার কাঠামোগত কোনো গভীর সমস্যা রয়েছে কি না, তা নতুন করে ভাবতে হবে।

/এনএ 

Logo