প্রধানমন্ত্রী ও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি, গ্রেফতার ৫
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৭:০২ পিএম
প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য ও সরকারি শীর্ষ কর্মকর্তাদের সিল, স্বাক্ষর এবং অফিসিয়াল লেটারহেড জালিয়াতির মাধ্যমে তদবির-বাণিজ্য ও প্রতারণা করে আসা এক সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।
মঙ্গলবার (৪ আগস্ট) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদারীপুরের কালকিনি ও কুষ্টিয়া মডেল থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ ফারুক হোসেন (৪১), সাকিব খান (২৫), মাসুম মুনসী (৪৫), মীর তৌহিদুল ইসলাম (৩৬) ও মোঃ বকুল মন্ডল (৩৫)। অভিযানকালে তাদের কাছ থেকে ৪১টি জাল সিল, বিভিন্ন এমপি ও মন্ত্রিপরিষদ সচিবদের ৪ বান্ডিল লেটারহেড প্যাড, ২টি কম্পিউটার, ১টি ল্যাপটপ এবং ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ডিবি জানায়, চক্রের মূল হোতা মোঃ ফারুক হোসেন ২০০৬ সালে প্রকল্পভিত্তিক ইলেকট্রিশিয়ান পদে চাকরিতে যোগ দেন এবং ২০১৪ সালে চাকরিচ্যুত হন। পরবর্তীতে চাকরি পুনর্বহালের জন্য তিনি প্রথম জালিয়াতির আশ্রয় নেন এবং প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সচিবদের নাম ব্যবহার করে ভুয়া নথি ও সিল বানিয়ে চাপ সৃষ্টি করেন।
পরবর্তীতে তিনি পূর্ণাঙ্গ একটি চক্র তৈরি করে সরকারি বিভিন্ন দফতর প্যাডে জাল সুপারিশপত্র তৈরি ও তদবির-বাণিজ্য চালিয়ে আসছিলেন। এমনকি মলদোভায় জনশক্তি রপ্তানির ক্ষেত্রেও তারা জাল সুপারিশপত্র ব্যবহার করে প্রতারণার চেষ্টা করে।
/এএ