×
Logo

জাতীয়

৫ আগস্ট ঘিরে সুনির্দিষ্ট হুমকি নেই, তবে বাড়ানো হয়েছে নজরদারি: ডিএমপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৫:৪৭ পিএম

৫ আগস্ট ঘিরে সুনির্দিষ্ট হুমকি নেই, তবে বাড়ানো হয়েছে নজরদারি: ডিএমপি

আগামী ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি সূত্রে জানা যায়, দিবসটিকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় রাজধানীর প্রতিটি প্রবেশমুখ সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট ও তল্লাশি জোরদার করা হয়েছে। প্রধান প্রধান অনুষ্ঠানস্থল এবং 'জুলাই স্মৃতিস্তম্ভ' এলাকাকে বিশেষ নিরাপত্তার আওতায় এনে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে।

যেসব স্থানে সাধারণ মানুষের বেশি সমাগম ঘটবে, সেখানে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ-স্কোয়াডের সমন্বয়ে বিশেষ সুইপিং কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি ডিবি, সিটিটিসি, সিটিএসবি এবং আইএডি-র গোয়েন্দা দল সাদা পোশাকে মাঠে সক্রিয় রয়েছে।

জরুরি পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবিলা করতে প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত সংখ্যক কুইক রেসপন্স টিম। নিয়মিত ডিএমপি ফোর্সের পাশাপাশি র‍্যাব ও সিআইডি যৌথভাবে নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণে ডিএমপির উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সরাসরি মাঠে থেকে ডিউটি তদারকি করবেন।

/এএ 

Logo