ব্রাহ্মণবাড়িয়ায় ঝগড়া থামাতে গিয়ে হামলার শিকার পুলিশ, ৪ কনস্টেবল আহত
ব্রাহ্মণবাড়িয়া করেসপনডেন্ট
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৫:৫৫ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে হামলার শিকার হয়েছেন চার পুলিশ সদস্য। রোববার (২ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মাছিমনগর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, বাঞ্ছারামপুর থানার কনস্টেবল মো. ফরহাদ, এমদাদুল হক, সাইফুল আলম ও হোসনে মোবারক। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ জানায়, মাছিমনগর গ্রামে হযরত শাহ রাহাত আলী (রা.)-এর বার্ষিক ওরস চলছিল। সেখানে স্থানীয় মনির নামে এক ব্যক্তি তার দোকানের জন্য রাজন মিয়ার কাছ থেকে জেনারেটরের বিদ্যুৎ সংযোগ ভাড়া নেন। রোববার রাতে বিদ্যুতের বিল পরিশোধ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
পুলিশ আরও জানায়, এ সময় মনির পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে তার সহযোগীদের নিয়ে হামলা চালায়। এতে চার পুলিশ সদস্য আহত হন।
এ বিষয়ে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অভিযুক্ত মনিরসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে।
/এসআর