জেলা পরিষদের প্রশাসক-চেয়ারম্যানদের রাষ্ট্রীয় প্রটোকল নিশ্চিতে ডিসিদের নির্দেশ
বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৩:০১ পিএম
রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা এবং অন্যান্য প্রটোকলিক আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
গত বৃহস্পতিবার (৩০ জুলাই) এ নির্দেশ দেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত চিঠিটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে দেশের সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভাসহ বিভিন্ন প্রটোকলিক আয়োজনে আসন বিন্যাস, আনুষ্ঠানিক চিঠিপত্র ও আমন্ত্রণপত্রে নামের ক্রম নির্ধারণ এবং অন্যান্য সব ক্ষেত্রে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুসরণ করে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে হবে। নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
চিঠির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের সচিব, পুলিশ কমিশনার, জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট ১১টি দফতরে পাঠানো হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ আশা করছে, এ নির্দেশনা বাস্তবায়নের ফলে জেলা পর্যায়ের সরকারি অনুষ্ঠানগুলোতে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানরা তাদের প্রাপ্য রাষ্ট্রীয় প্রটোকল ও মর্যাদা যথাযথভাবে পাবেন।
/এএন