ঢাকা উত্তরে আইন-শৃঙ্খলা সমন্বয় সভা
ব্যারিস্টার ওমর সাদাত এলওসিসি সভাপতি, শামসুল আরেফিন মহাসচিব নির্বাচিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৮:১২ পিএম
আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপদ নাগরিক জীবনের স্বার্থে গঠিত ল অ্যান্ড অর্ডার কো-অর্ডিনেশন কাউন্সিল (এলওসিসি) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৬–২০২৮ মেয়াদের জন্য ব্যারিস্টার ওমর সাদাতকে সভাপতি এবং শামসুল আরেফিনকে মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়।
শনিবার (১ আগস্ট) গুলশান থানাস্থ এলওসিসি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, এলওসিসির মূল চালিকাশক্তি হলো সরকারি সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নাগরিক সমাজের অভূতপূর্ব অংশীদারিত্ব। আগামী দুই বছরেও সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাকে আরও নিরাপদ, প্রযুক্তিবান্ধব ও সুশৃঙ্খল হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাব।
সভায় অন্যান্য বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই এলওসিসি গুলশান থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। পুলিশ, সিটি কর্পোরেশন, স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সোসাইটি ও জনগণের সমন্বিত অংশগ্রহণে এই এলাকাটিকে দেশের অন্যতম নিরাপদ ও সুশৃঙ্খল অঞ্চলে পরিণত করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন সোসাইটি এবং গুলশান ইয়ুথ ক্লাবের যৌথ উদ্যোগে এই প্ল্যাটফর্মটি পরিচালিত হয়ে আসছে।
/এএন