টিএফআই সেল পরিদর্শনে ট্রাইব্যুনাল-১ এর বিচারপতিরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১১:০৬ এএম
র্যাবের গোপন বন্দিশালা টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেল পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর ৩ বিচারপতি, প্রসিকিউশন টিম ও টিএফআই সেলের গুমের মামলায় আসামিপক্ষের আইনজীবীরা।
শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার পর রাজধানীর উত্তরায় র্যাব-১ এর কার্যালয়ে পৌঁছান তারা।
মূলত, আ.লীগ আমলে গুম, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারে অপরাধস্থলের বাস্তব পরিস্থিতি স্বচক্ষে দেখা এবং ন্যায়বিচার নিশ্চিত করা এ পরিদর্শনের উদ্দেশ্য বলে জানান বিচার সংশ্লিষ্টরা।
টিএফআই সেলের গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের এই মামলায় মোট আসামি ১৭ জন। তাদের মধ্যে ১০ জন অভিযুক্ত সেনা কর্মকর্তা গ্রেফতার রয়েছেন। তারা সকলেই তখন র্যাবে দায়িত্ব পালন করেছিলেন।
অপরদিকে, এ মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ, এম খুরশীদ হোসেন ও মো. হারুন অর রশিদ এবং অবসরপ্রাপ্ত লে. কর্নেল মুহাম্মাদ খায়রুল ইসলাম পলাতক আছেন।
উল্লেখ্য, গত ২১ জুলাই চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এটি পরিদর্শনের আবেদন মঞ্জুর করেন।
/এমএইচআর