ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৬৭
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৭:৩২ পিএম
দেশে ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫৩ জন মারা গেছেন। এর মধ্যে চলতি বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গুতে যত মৃত্যু হয়েছিল, জুলাই মাসের ৩০ দিনেই সেই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। জানুয়ারি থেকে জুনের মধ্যে ডেঙ্গু কেড়ে নেয় ১৮ জনের প্রাণ, আর চলতি মাসে মারা গেছে ৩৫ জন।
এদিকে, গত ছয় মাসে দেশে ডেঙ্গুতে যত সংক্রমণ হয়েছে, তার চেয়ে চলতি মাসে বেড়েছে প্রায় ৫০ শতাংশ। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৬ হাজার ১০৪ জন। আর চলতি মাসেই এ সংখ্যা হয়েছে ৯ হাজার ৫৩।
/এমএন