×
Logo

জাতীয়

১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৫:১৯ পিএম

১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের

১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি করেছে বাংলাদেশের সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সুপ্রিম কোর্ট এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

জানা যায়, আজ বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের ১৪ টি ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৭ হাজার ৫৬৫টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। 

সম্প্রতি পুরাতন মামলা নিষ্পত্তি কার্যক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত ১০ (দশ) কার্যদিবসে (প্রতি সপ্তাহে একদিন করে) মোট ৪৩ হাজার ৩৫৭টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে এবং এখন পর্যন্ত পুরাতন ক্রিমিনাল মিস মামলা ও পুরাতন রীট মামলা মিলিয়ে মোট ৫০ হাজার ২৬৪টি পুরাতন মামলা নিষ্পত্তি হয়েছে। 

উল্লেখ্য, বাংলাদেশের প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রীট মোশন বেঞ্চসমূহে দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ, মামলা জট হ্রাস এবং বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত এ বিশেষ উদ্যোগের আওতায় ধারাবাহিকভাবে বিপুল সংখ্যক পুরাতন মামলা নিষ্পত্তি করা হচ্ছে। 

চলতি বছরের ০৭ মে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন এবং রীট মোশন বেঞ্চসমূহের বিচারপতিবৃন্দ দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরাতন ক্রিমিনাল মিস ও পুরাতন রীট মামলা নিষ্পত্তির বিশেষ এ কার্যক্রম শুরু করেন। পুরোনো মামলা নিষ্পত্তির এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

/এসআর 

Logo