মাহদী আমিন
আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরুর লক্ষ্য নির্ধারণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৩:৫৯ পিএম
আগস্ট মাসের শেষ সপ্তাহ নাগাদ বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় যাওয়া শুরুর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। বৃহস্পতিবার (৩০ জুলাই) মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মাহদী আমিন জানান, দুই দেশের মধ্যে একাধিক বৈঠকের পর বাংলাদেশ ও মালয়েশিয়া দ্রুত শ্রমবাজার চালুর বিষয়ে পারস্পরিকভাবে একমত হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে যত দ্রুত সম্ভব শ্রমবাজার উন্মুক্ত করার মাধ্যমে বাংলাদেশের যে বিপুল জনশক্তি রয়েছেন উনাদের জন্য মালয়েশিয়া এ দ্বার উন্মুক্ত করতে চাচ্ছে।
তিনি বলেন, সব সেক্টর ও সাব-সেক্টরে বাংলাদেশি কর্মীরা কাজের সুযোগ পাবেন। প্রথম দফায় কর্মী পাঠানোর ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডকে (বোয়েসেল) অগ্রাধিকার দেওয়ার অনুরোধ করা হয়েছে।
মাহদী আমিন আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মালয়েশিয়া সরকারের কাছে ৪২৩টি রিক্রুটিং এজেন্সির তালিকা মালয়েশিয়া সরকারের কাছে পাঠানো হয়েছিল। বর্তমানে কার্যকর সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী বাংলাদেশ থেকে প্রেরিত সেই তালিকাতে মালয়েশিয়া তাদের নিজেদের বিভিন্ন যাচাই-বাছাই এবং কাঠামোর উপর ভিত্তি করে রিক্রুটিং এজেন্সির সংখ্যা নির্ধারণ করবে।
/এএন