×
Logo

জাতীয়

এআই ক্যামেরার পর ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রযুক্তি আনছে ডিএমপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:৩৮ পিএম

এআই ক্যামেরার পর ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রযুক্তি আনছে ডিএমপি

সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার পাশাপাশি 'প্লাগ এন্ড প্লে' ক্যামেরা স্থাপনের পরিকল্পনা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ইতোমধ্যে ১ হাজার ক্যামেরা কেনার পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিছুর রহমান।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে নতুন ট্রাফিক সিগন্যাল প্রজেক্ট চালুর অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

আনিছুর রহমান জানান, বর্তমানে রাজধানীর ১৬টি পয়েন্টে ৩৭টি এআই ক্যামেরা কাজ করছে। আরও ৫০টির মতো এআই ক্যামেরা বসানোর ব্যবস্থা হবে। এছাড়াও, সড়কে শৃঙ্খলা ফেরাতে স্বল্পমূল্যে ১ হাজার প্লাগ এন্ড প্লে ক্যামেরা স্থাপন করা হবে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার আরও বলেন, নতুন এই ক্যামেরায় তাৎক্ষণিক মামলা দেয়ার সুবিধা না থাকলে রেকর্ড ফুটেজ দেখে পরবর্তীতে মামলার সুযোগ থাকছে।

এদিকে, প্রতি মাসে সড়কে বিভিন্ন অনিয়মের কারণে প্রায় ৫০ হাজারের বেশি মামলা হয়। যা মাসে গড়ে প্রায় ১২ কোটি টাকার মতো। বছরে গড়ে ১২০ কোটি টাকা সরকারি কোষাগারে ট্রাফিক বিভাগ কর্তৃক জমা করা হয় বলেও জানান তিনি।

/এএম

Logo