×
Logo

জাতীয়

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:২১ পিএম

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

ফাইল ছবি

সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর বিরুদ্ধে দুদকের করা মামলায় ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আয়েশা নাসরিন এই রায় দেন।

এর আগে, গত ১৫ জুলাই রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদক তার বিরুদ্ধে মামলাটি করে। ২০২৫ সালের ৪ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০২৫ সালের ৬ নভেম্বর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এই মামলায় সাতজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

মামলার নথি অনুযায়ী, আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এস কে সুর চৌধুরী ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের বিবরণী ২১ কার্যদিবসের মধ্যে দাখিল করতে নোটিশ দিয়েছিল দুদক। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি সম্পদের বিবরণী দাখিল করেননি।

২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুর চৌধুরীকে গ্রেফতার করে দুদক। এর পর থেকে কারাগারে আছেন তিনি।

/এএম

Logo