সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া জিন-কবিরাজ সেজে প্রতারণা, গ্রেফতার ৩
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০১:৩২ পিএম
ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া জিন, তান্ত্রিক ও কবিরাজ সেজে অলৌকিক সমাধানের প্রলোভন দেখিয়ে প্রতারণা করা একটি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
সোমবার (২৭ জুলাই) রাজধানীর দক্ষিণ কল্যাণপুরে পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার ফজলে এলাহি এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতাকৃতরা মূলত বেদে সম্প্রদায়ের সদস্য। তারা ইউটিউব দেখে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আগুন তৈরির কৌশল শিখে বিভিন্ন ভুয়া নামে ফেসবুক পেজ পরিচালনা করতেন। সেখানে পরকীয়া, প্রেমে সফলতা, স্বামী-স্ত্রীর সম্পর্ক, সন্তান না হওয়া, পরীক্ষায় ভালো ফল, ব্যবসায় উন্নতি ও পারিবারিক সমস্যার সমাধানের নামে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত তারা।
তিনি আরও জানান, প্রতারণার অংশ হিসেবে ভুক্তভোগীদের বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করতে প্ররোচিত করা হতো। তাদের প্রতারণার শিকার হয়ে গত কয়েক মাসে প্রায় ২০০ জন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন।
/এএন