২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৭:০১ পিএম
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৫৮ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত নিয়মিত ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৭২ জন, বরিশাল বিভাগে ৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, খুলনা বিভাগে ৪৮ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন, রংপুর বিভাগে ১০ জন এবং সিলেট বিভাগে কোনো নতুন রোগী ভর্তি হননি।
এসময় তিনটি মৃত্যুর মধ্যে একটি ঢাকা বিভাগে, একটি খুলনা বিভাগে এবং একটি বরিশাল বিভাগে হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ১১৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৫১ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৮৬৯ জন ভর্তি আছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৯৩৭ জন। একই সময়ে ডেঙ্গুতে মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে।
/এমএইচআর