দালালির 'হেলথ এইড' মডেল
যমুনার অনুসন্ধানের পর স্বাস্থ্য অধিদফতরের অভিযানে বন্ধ দুই ডায়াগনস্টিক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৪:১১ পিএম
সরকারি হাসপাতালে দালাল চক্র নিয়ে যমুনা টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদনের পর রাজধানীর চানখারপুল এলাকায় অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদফতর। অভিযানে নানা রকম অনিয়ম দেখায় সাময়িক বন্ধের নির্দেশনা দেওয়া হয় হেলথ এইড ডায়াগনস্টিক এবং অ্যাকটিভ ডায়াগনস্টিক নামের দুটি প্রতিষ্ঠানকে।
রোববার (২৬ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজের উলটো পাশে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ রায়হান। এর আগে, যমুনা টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে ঢাকা মেডিকেলের কর্মচারীদের সঙ্গে আশেপাশের ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারগুলোর আঁতাতের বিষয়। যেখানে কর্মচারীদের নিজেদেরই বেসরকারি ক্লিনিকগুলোর হয়ে দালালি করার প্রমাণ মেলে। একাজে চিকিৎসক জড়িত, এমন প্রমাণও হাতেনাতে পায় যমুনা টেলিভিশন।
ডা. জাহিদ রায়হান জানান, যমুনা টেলিভিশনে সংবাদ দেখেই তিনি অভিযানের সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ডায়াগনস্টিক সেন্টার হওয়ার কোনো মানদণ্ড পূরণ করতে পারেনি এই প্রতিষ্ঠান। এছাড়া একটি আবাসিক ভবনের ভেতর কীভাবে এমন প্রতিষ্ঠান চলছে, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, এই হাসপাতালে অনেকগুলো পরীক্ষার রিপোর্টে চিকিৎসকের কোনো স্বাক্ষর মেলেনি। প্রায় সব রোগীই নানাভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভাগিয়ে আনা হয়েছে। পাশাপাশি, আগেও এই প্রতিষ্ঠান মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে বন্ধ করা হয়েছিল বলে জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক।
এছাড়া, ঢাকা মেডিকেল থেকে যাদের রেফারেন্সে এখানে রোগী পাঠানো হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান ডা. জাহিদ রায়হান।
পরে, একই এলাকার অ্যাকটিভ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। সেখানেও অনিয়ম মেলায় পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত বন্ধ করা হয় হাসপাতালটির সব কার্যক্রম।
/এনএ