×
Logo

জাতীয়

জামায়াত ফেরেশতাদের দল নয়, অন্যায় আর দল একসঙ্গে চলে না: বিরোধীদলীয় নেতা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০১:০৪ পিএম

জামায়াত ফেরেশতাদের দল নয়, অন্যায় আর দল একসঙ্গে চলে না: বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন,  বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি, অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলে দলের রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, তবে এর অর্থ এই নয় যে, আমরা কোনো অন্যায় করি না। আমাদের ভুল, অন্যায়, দোষ ও অপরাধও হতে পারে। আমরা আহ্বান জানিয়েছি, যারা দেশ ও জাতিকে ভালোবাসেন, তারা আমাদের কোনো অন্যায় বা অপরাধ দেখলে তা আমাদের ধরিয়ে দিন। আমরা কথা দিচ্ছি, সেসব থেকে সংশোধন হবো।

নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, আপনার গায়ে যদি সাদা কাপড় থাকে, তাহলে আরও বেশি যত্নশীল হতে হবে। ভেরি কেয়ারফুল! নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই।

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করবো, সহনীয় মাত্রার কোনো লঙ্ঘন হলে সংশোধনের মাধ্যমে তাকে দায়িত্ব পালনের সুযোগ দিতে। কিন্তু সেই মাত্রা যদি গুরুতর হয়, তাহলে আমাদের কিছুই করার থাকবে না। সেক্ষেত্রে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। আর সেই বার্তা আমারসহ আমাদের সবার জন্য—সচেতন ও সতর্ক থাকার।

বিরোধীদলীয় নেতা বলেন, গণভোটের মাধ্যমে জনগণ পুরোনো রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে রায় দিয়েছে। তাই জনগণের রায় উপেক্ষা না করতে সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি আরও অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও দায়িত্ব পালনে সরকার যথাযথ উদ্যোগ নেয়নি। জুলাই জাদুঘর এখনও চালু না হওয়ায়ও তিনি অসন্তোষ প্রকাশ করেন।

বিরোধীদলীয় নেতা বলেন, সংবিধানের দোহাই দিয়ে গণভোটকে অবৈধ দাবি করা হলে জুলাই গণ-অভ্যুত্থান এবং বর্তমান সরকারের বৈধতাও প্রশ্নের মুখে পড়বে।

/এসআইএন


Logo