অনিরাপদ পথ ব্যবহারের সময় হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১১:২৩ এএম
হরমুজ প্রণালির দক্ষিণে একটি অনিরাপদ নৌপথ দিয়ে যাওয়ার চেষ্টা করার সময় আরও দু'টি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা হয়েছে এবং সেগুলো অচল হয়ে পড়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। খবর আনাদোলু এজেন্সির।
সোমবার (২০ জুলাই) ভোরে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি এ তথ্য জানায়।
আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর চাপ ও জোরপূর্বক নির্দেশে জাহাজ দুটি ওই পথ ব্যবহার করার চেষ্টা করছিল।
বিবৃতিতে আরও বলা হয়, যতদিন এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আগ্রাসন চলবে, ততদিন হরমুজ প্রণালি দিয়ে সার, তেল বা গ্যাস পরিবহন নিরাপদ থাকবে না। একই সঙ্গে এই অবৈধ আগ্রাসনের জবাব দিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে প্রস্তুত থাকারও হুঁশিয়ারি দেয় আইআরজিসি।
এর আগে যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, ওমানের কুমজার থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে একটি জাহাজে আগুন লাগার খবর সামরিক কর্তৃপক্ষ তাদের জানিয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। এর জবাবে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা থাকা দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাত বন্ধ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছিল। তবে গত সপ্তাহে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হলে উভয় পক্ষ আবারও পাল্টাপাল্টি হামলা শুরু করে।
/এএন