ফ্যাসিস্টের পতন হলে আর ফিরিয়ে আনা যায় না: রিজভী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:০৪ পিএম
জার্মানির এডলফ হিটলার আত্মহত্যা করেছে, আর তার দল ও একইসঙ্গে মুসোলিনিকেও ফেরত আনা যায়নি। ফ্যাসিস্টের পতন হলে আর ফিরিয়ে আনা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর বনানীতে জুলাইয়ের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আন্দোলন-সংগ্রাম হতে পারে, নানা রাজনৈতিক কর্মকাণ্ডও হতে পারে। কিন্তু শিশু, কিশোর ও তরুণ হত্যাকারীদের কীভাবে ক্ষমা করা যায়? অথচ এখন নানা ছলচাতুরীর মাধ্যমে সেটাই করার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, যে রক্তের আলপনা আওয়ামী লীগ এঁকেছে, সেই রক্তের আলপনা মাড়িয়ে আবার এ দেশে রাজনীতি করবে, এটা কীভাবে সম্ভব? এ দেশ বারবার প্রতিরোধ করেছে, আর প্রতিরোধ করতে জানে।
রিজভী বলেন, শেখ হাসিনা যদি এ দেশে রাজনীতি করতে চান, তাহলে ইয়াহিয়া খানের উত্তরসূরি কিংবা টিক্কা খানের উত্তরসূরিদেরও এ দেশে রাজনীতি করার অধিকার মেনে নিতে হবে। বলতে হবে, যা হয়েছে হোক, এখন তাদের সন্তান-সন্ততিরাও এসে এ দেশে রাজনীতি করুক।
জামায়াতে ইসলামকে ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, একটি দল আছে, যারা গোটা দেশ যখন স্বাধীনতার পক্ষে ছিল, তখন তারা ছিল বিপক্ষে। আবার ১৯৮৬ সালে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে গিয়েছিল। তাদের রাজনীতি হচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার করা।
/এসআইএন