×
Logo

জাতীয়

'১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি' বলে ভাইরাল হওয়া সুহি মাইলস্টোনের ছাত্রী নয়

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:২৯ পিএম

'১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি' বলে ভাইরাল হওয়া সুহি মাইলস্টোনের ছাত্রী নয়

'১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি' বলে এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনে ভাইরাল হওয়া রুবাইয়া মেহজাবিন সুহি মাইলস্টোনের ছাত্রী নন বলে জানা গেছে। এ ঘটনায় মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকার তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। যার কপি যমুনা নিউজের কাছে এসেছে।

মাইলস্টোন কলেজের সিকিউরিটি অফিসার মুহাম্মদ জহুরুল ইসলাম কলেজের পক্ষে জিডি করেন। তার করা আবেদনে বলা হয়, রুবাইয়া মেহজাবিন সুহি মাইলস্টোন কলেজের বিজ্ঞান বিভাগের ইংরেজি মাধ্যমের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একজন ছাত্রী ছিল। শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমতিক্রমে তাকে মাইলস্টোন কলেজ থেকে ট্রান্সফার সার্টিফিকেট প্রদান করা হয়। ফলে সে এখন আর মাইলস্টোন কলেজের শিক্ষার্থী নয় এবং প্রতিষ্ঠানের কোনও পরিচয় ব্যবহারের অধিকারও তার নেই।

এতে আরও বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায় যে, উক্ত ব্যক্তি মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলনে সরকারবিরোধী উসকানিমূলক জোরালো বক্তব্য প্রদান করছে। সে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী না থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করছেন, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এবং প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আবেদনে উল্লেখ করা হয়।

/এমএন

Logo