×
Logo

জাতীয়

শিক্ষামন্ত্রী

বৈরী আবহাওয়ায় যেসব পরীক্ষার্থী অংশ নিতে পারেনি; তারা চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার সাথে দিতে পারবে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৪:২৩ পিএম

বৈরী আবহাওয়ায় যেসব পরীক্ষার্থী অংশ নিতে পারেনি; তারা চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার সাথে দিতে পারবে

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রতিকূল আবহাওয়ার কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নে, মন্ত্রণালয়ের নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। 

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এসব কথা বলেন।  

শিক্ষামন্ত্রী বলেন,  সম্প্রতি ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনস্থ চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে পরীক্ষা স্থগিত করা হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাইরেও দেশের কিছু জেলায় বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী বৈরী আবহাওয়া ও বহুবিধ কারণে নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।

তিনি আরও বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, তাই বিশেষ বিবেচনায় আবারও অংশগ্রহণের এই বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। 

এসময় শিক্ষামন্ত্রী জানান, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নপত্র প্রণয়নে দায়ী ব্যক্তিদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া তিনি আবারও আশ্বস্ত করে বলেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে যে ভুল হয়েছে, তার জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে। 

/এএন

Logo