×
Logo

জাতীয়

বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:১৫ পিএম

বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড

টানা বৃষ্টি ও বিরূপ আবহাওয়ার মধ্যেও কেন চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে নেওয়া হচ্ছে, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কমিটির দাবি, স্থানীয় প্রশাসনের প্রতিবেদন ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়েই পরীক্ষা নেওয়া হচ্ছে।

সোমবার (১৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হলেও অন্য বোর্ডের কেন্দ্রগুলো পরীক্ষা নেওয়ার উপযোগী রয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

এতে আরও বলা হয়েছে, অপ্রত্যাশিতভাবে কিছু কেন্দ্রে বিশেষ করে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তির সৃষ্টি হলেও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তারা পরীক্ষায় অংশ নিতে সক্ষম হয়েছেন।

একই সঙ্গে, ১২ লাখের বেশি পরীক্ষার্থীর শিক্ষা কার্যক্রম, ফল প্রকাশ ও বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া বিবেচনায় বারবার পরীক্ষা স্থগিত করা বাস্তবসম্মত নয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তবে কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগে পরীক্ষার্থীদের নিরাপত্তা বা পরীক্ষা গ্রহণ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক পরিস্থিতি মূল্যায়ন করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

/এএম

Logo