এইচএসসি পদার্থ পরীক্ষার ৬-৭ নম্বর প্রশ্ন পর্যালোচনা করছে বোর্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:২০ পিএম
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন পর্যালোচনা করছে ঢাকা শিক্ষা বোর্ড। প্রয়োজন হলে এই দুটি প্রশ্নে 'পূর্ণ নম্বর' দেওয়া হবে বলে জানানো হয়েছে।
সোমবার (১৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন সম্পর্কে বিভিন্ন মাধ্যমে উত্থাপিত বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা অবগত রয়েছে। বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে।
পর্যালোচনায় যদি সংশ্লিষ্ট কোনো প্রশ্নে ত্রুটি বা অসঙ্গতি প্রমাণিত হয় তবে প্রচলিত পরীক্ষা মূল্যায়ন নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থীদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষণ করা হবে এবং তারা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর প্রদান করা হবে।
এ বিষয়ে সকল পরীক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে কোনও ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যে উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
/এমএন