সংবিধান সংশোধনে বিশেষ কমিটি, বিরোধী দলের ওয়াকআউট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:৪৯ পিএম
সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে জাতীয় সংসদে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বিশেষ এই কমিটি গঠনের প্রস্তাব করেন। প্রস্তাব সংসদে উত্থাপনের পর তা কণ্ঠভোটে অনুমোদন দেওয়া হয়।
এই কমিটি গঠনে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বিরোধী দলকেও এতে যুক্ত হওয়ার প্রস্তাব করা হয়েছিল, এজন্য নাম চাওয়া হয়েছিল। তবে তারা এতে যোগ দেয়নি। বরং বিশেষ কমিটি গঠনের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধীরা।
এ নিয়ে বিরোধী দলীয় সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সরকার সংবিধান সংশোধন কমিটিতে থাকার প্রস্তাব দিয়েছেন। সে কমিটিতে নৈতিক সমর্থন না থাকায় ওয়াকআউট করেছি।
বিরোধীদের ভাষ্য হচ্ছে, সংবিধান সংশোধন কমিটি নয়, সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে। এ নিয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে মতানৈক্য চলে আসছে।
এদিকে, গঠিত কমিটির সদস্যরা হচ্ছেন— চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদীন, শাকিলা ফারজানা ও মাহমুদুল হক রুবেল, গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য জোনায়েদ আব্দুর রহিম সাকি, বিজেপির সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ, গণঅধিকার পরিষদের সংসদ সদস্য নুরুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মো. অলি উল্লাহ।
এছাড়া, কমিটিতে বিরোধী দলের প্রতিনিধিদের অন্তর্ভুক্তির জন্য পাঁচটি সদস্যপদ খালি রাখা হয়েছে।
/এমএন