আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে রাজধানীসহ দেশের ১২৮টি স্থানে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) বাংলাদেশের উদ্যোগে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব। ৯ দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন হবে রাজধানীর স্বামীবাগ আশ্রমে বিশেষ অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে।
আজ সোমবার (১৩ জুলাই) স্বামীবাগ আশ্রমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
প্রথম দিন সকাল ৮টায় বিশ্বশান্তি, মানবকল্যাণ ও দেশের সমৃদ্ধি কামনায় বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বিশেষ যজ্ঞ অনুষ্ঠিত হবে। এরপর দুপুরের পর স্বামীবাগ আশ্রম থেকে বর্ণাঢ্য রথযাত্রা শুরু হবে। যা জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলার মোড়, পল্টন, জাতীয় প্রেস ক্লাব, কার্জন হল, দোয়েল চত্বর, শহীদ মিনার ও পলাশীর মোড় অতিক্রম করে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হবে।
আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রা একই পথে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে স্বামীবাগ আশ্রমে এসে শেষ হবে।
উৎসবে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে বলে জানান আয়োজকরা।
/এএম