শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৫:২২ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি
ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে পলাতক নেতাকর্মীদের উজ্জীবিত করার কৌশল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত আসামি। দেশে ফিরে আত্মসমর্পণ করলে তাকে প্রচলিত আইন অনুযায়ী কারাগারে যেতে হবে। এ ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে বলেও জানান তিনি।
শামা ওবায়েদ বলেন– একজন আসামি দেশের বাইরে থাকলেও, আত্মসমর্পণ করুন বা না করুন, আইনি প্রক্রিয়া একই থাকবে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের ১৭ নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে প্রায় দুই বছর ভারতে অবস্থান করছেন তিনি। সম্প্রতি বার্তাসংস্থা রয়াটার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে চলতি বছরের ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের কথা বলেন শেখ হাসিনা।
/এএম