ধানমন্ডি-গুলশান লেক সংস্কারে প্রধানমন্ত্রীর নির্দেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৪:৩৭ পিএম
রাজধানীরধানমন্ডি ও গুলশান লেকের সংস্কার, সৌন্দর্যবর্ধন এবং স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপন সংশ্লিষ্ট প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে এবং রাজধানীর পরিবেশ ও জলাধার রক্ষায় সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ধানমন্ডি লেকের সংস্কার ও পুনর্নির্মাণ, নজরুল সরোবর উন্নয়ন এবং ঢাকার পয়োনিষ্কাশন ব্যবস্থা আধুনিক করতে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনের প্রকল্প বাস্তবায়ন করা হবে।
এ সময় গুলশান ও বারিধারা লেকে সংযুক্ত সব অবৈধ বর্জ্য নির্গমন লাইন আগামী ছয় মাসের মধ্যে সম্পূর্ণভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়াও রাজউকের নেতৃত্বে গুলশান লেক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সৌন্দর্যবর্ধন এবং পরিবেশ উন্নয়নের কাজ বাস্তবায়নের বিষয়গুলো বৈঠকে তুলে ধরা হয়।
প্রধানমন্ত্রী রাজধানীর লেকগুলো পুনরুদ্ধার, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনের বিভিন্ন পরিকল্পনা পর্যালোচনা করেন।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/এমএসটি