রাজধানীতে তুমুল বৃষ্টিতে জলাবদ্ধ অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:৫৬ পিএম
মধ্যরাত থেকে শুরু হওয়া টানা তুমুল বৃষ্টিতে ডুবলো রাজধানী ঢাকা। শনিবার (১১ জুলাই) রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ছয় ঘণ্টায় রাজধানীতে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, যা চলতি মাসে স্বল্প সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।
টানা ভারি বর্ষণের ফলে সপ্তাহের প্রথম কর্মদিবসের শুরুতেই স্থবির হয়ে পড়েছে রাজধানীর স্বাভাবিক জনজীবন। মূল সড়ক থেকে শুরু করে অলিগলিতে থইথই করছে পানি। বিশেষ করে বনানী, বিজয় সরণি, কারওয়ান বাজার, শান্তিনগর, ধানমণ্ডি ২৭ নম্বর, নিউমার্কেট, গ্রিন রোড, মতিঝিল এবং মিরপুরের কাজীপাড়াসহ অধিকাংশ নিম্নাঞ্চল ও মূল সড়ক হাঁটু পানিতে তলিয়ে যায়।
সকালে গন্তব্যে বের হয়ে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। গণপরিবহনের চরম সংকট দেখা দেওয়ায় অনেককে বৃষ্টিতে ভিজেই দীর্ঘক্ষণ বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়। অনেক স্থানে সিএনজি চালিত অটোরিকশা ও রিকশা অতিরিক্ত ভাড়া দাবি করায় বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে রওনা হন সাধারণ মানুষ।
জলাবদ্ধতার কারণে বেশ কিছু স্থানে যানবাহন বিকল হয়ে পড়ে এবং সড়কের সিংহভাগ অংশে ট্রাফিক ধীরগতি দেখা দেওয়ায় সৃষ্টি হয় তীব্র যানজট। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দিনভর থেমে থেমে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।
/এএ