×
Logo

জাতীয়

প্রধানমন্ত্রীর নির্দেশে টেকনাফে আহত মা হাতির চিকিৎসা চলমান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১১:০০ পিএম

প্রধানমন্ত্রীর নির্দেশে টেকনাফে আহত মা হাতির চিকিৎসা চলমান

কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া এলাকার পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হওয়া একটি বন্য হাতির দ্রুত ও যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (১১ জুলাই) দুপুরের দিকে টেকনাফ সদর বিটের নাইট্যাংপাড়ার শিয়াল্যাঘোনা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হাতিটিকে সুস্থ করে তুলতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, আহত হাতিটিকে সুস্থ করে তুলতে কাজ করছে বিশেষজ্ঞ চিকিৎসক দল।

প্রাথমিক তথ্যানুযায়ী, খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে হাতিটি খাড়া পাহাড়ের ঢাল অতিক্রম করার সময় টানা ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে হাতিটি প্রায় ৩০০ ফুট নিচে শিলাপাথরযুক্ত ঝর্ণায় গড়িয়ে পড়ে।

আঘাতপ্রাপ্ত হয়ে হাতির পেটে গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে, পেছনের দুটি পা ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত রয়েছে। প্রচণ্ড ব্যথার কারণে হাতিটি দাঁড়াতে পারছে না।

ঘটনার খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রীর নির্দেশনায় আহত হাতিটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বন বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম শুরু করেন। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক দল হাতিটিকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে।

এছাড়া আহত হাতিটির নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, জেলা প্রশাসন, বন বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সদস্যরা ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

সর্বোচ্চ চিকিৎসা, নিবিড় পরিচর্যা এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বন্য হাতিটিকে সুস্থ করে পুনরায় তার প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হবে বলে কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে।

/এএম 

Logo