টানা ও বিরামহীন বৃষ্টিতে থমকে গেছে রাজধানীর জনজীবন। শুক্রবার (১০ জুলাই) খিলক্ষেত, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, রামপুরাসহ বেশ কয়েকটি এলাকার সড়কে হাঁটুসমান পানি জমেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত থেকেই একটানা বৃষ্টি হচ্ছে। এতে খিলক্ষেত, মিরপুর ও আশপাশের এলাকায় পানি জমে যায়। যান চলাচলে আসে ধীরগতি। কোথাও কোথাও রিকশা ও সিএনজির চলাচলও বন্ধ হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয় বাসিন্দারাও পড়েছেন বিপাকে। নীচু এলাকায় অবস্থিত বাসা ও দোকানে পানি ঢুকেছে।
স্থানীয়দের দাবি, বৃষ্টি হলেই একই চিত্র দেখা যায়। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণেই বারবার জলাবদ্ধতার শিকার হন নগরবাসী। এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি অব্যাহত থাকবে।
/এসআর