স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কাছে ৪ প্রতিষ্ঠানের তথ্য চাইলো ইসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৮ পিএম
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ৪টি প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য চেয়েছে সরকারের কাছে। সেই সাথে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের সীমানা নির্ধারণ এবং ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত পৃথক চারটি চিঠি স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন আয়োজনের প্রস্তুতির জন্য এসব প্রতিষ্ঠানের বিগত নির্বাচনের পর অনুষ্ঠিত প্রথম সভা এবং জনপ্রতিনিধিদের শপথ গ্রহণের সঠিক তারিখ প্রয়োজন। এছাড়া যেসকল ক্ষেত্রে সীমানা বা ওয়ার্ড বিন্যাস অসম্পূর্ণ রয়েছে, যা দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়েছে।
সিটি করপোরেশনের তথ্যের বিষয়ে ইসির চিঠিতে বলা হয়, স্থানীয় সরকার আইন, ২০০৯-এর ৬ ধারা অনুযায়ী সিটি করপোরেশনের মেয়াদ এর প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ থেকে পাঁচ বছর। একই আইনের ৩৪ ধারা অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করার বাধ্যবাধকতা রয়েছে। তাই আসন্ন সাধারণ নির্বাচনের তফসিল ও তারিখ নির্ধারণের স্বার্থে প্রতিটি সিটি করপোরেশনের প্রথম সভা ও শপথ গ্রহণের তথ্য জরুরি।
ইসির নির্দেশনায় স্পষ্ট উল্লেখ করা হয়, আগামী ৩০ জুলাইয়ের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন সংক্রান্ত এই সমস্ত তথ্য ও প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে দাখিল করতে হবে।
/এএ